• ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাস্টিস পার্টির শুভেচ্ছা বার্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৯:২০ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাস্টিস পার্টির শুভেচ্ছা বার্তা
সংবাদটি শেয়ার করুন....

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় চেয়ারম্যান ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন এবং মহাসচিব অনক আলী হোসেন সাহেদী। এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় বাঙালি জাতির ত্যাগ, সাহসিকতা ও অবিচল প্রতিরোধের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বিজয়ের মধ্য দিয়েই একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশের জন্ম হয়, যা আজও আমাদের জাতীয় চেতনাকে শক্তিশালীভাবে প্রেরণা জোগায়।

তাঁরা আরও বলেন, দেশের সংগ্রামী ও অকুতোভয় জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টি একটি সমৃদ্ধ, সুখী, ন্যায়ভিত্তিক, প্রগতিশীল ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গঠনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সকল ধরনের বৈদেশিক চাপ, আধিপত্যবাদী হস্তক্ষেপ ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে প্রতিষ্ঠিত করাই দলটির লক্ষ্য ও প্রত্যয়। শুভেচ্ছা বার্তায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

একই সঙ্গে বিগত আগস্ট বিপ্লবের পর একটি নতুন, ন্যায়নিষ্ঠ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়। নেতৃদ্বয় গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মরহুম ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনকে এবং বলেন, তাঁর ত্যাগ, দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শ আজও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে আমাদের প্রেরণার প্রধান উৎস। পরিশেষে তাঁরা বলেন, বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাস্টিস পার্টি ন্যায়, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীনভাবে কাজ করে যাবে।