• ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে স্পেনের ঘরে ৬১৫ কোটি টাকা, রানার্স-আপ আর্জেন্টিনার প্রাপ্তি ৪০৭ কোটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
বিশ্বকাপ জিতে স্পেনের ঘরে ৬১৫ কোটি টাকা, রানার্স-আপ আর্জেন্টিনার প্রাপ্তি ৪০৭ কোটি
সংবাদটি শেয়ার করুন....

২৩তম ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে রেকর্ড অঙ্কের অর্থ পুরস্কারও ঘরে তুলেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্প্যানিশরা পেয়েছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা

ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৪০৭ কোটি টাকা

এর আগে গত ডিসেম্বরে ফিফা ২৩তম বিশ্বকাপের জন্য মোট ৮৭ কোটি ১০ লাখ ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৭২৫ কোটি টাকা। এটি ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। কাতার বিশ্বকাপে মোট প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার

২০২২ সালে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, আর রানার্স-আপ ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার

এবার তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)। চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাপ্তি ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড—প্রতিটি দল পেয়েছে ১ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২৩৩ কোটি টাকা

শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া—প্রতিটি দল পেয়েছে ১ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা

রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলোর প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল ১ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ১৩৫ কোটি টাকা। এই তালিকায় রয়েছে নেদারল্যান্ডস, জার্মানি, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, সেনেগাল ও কেপ ভার্দে

অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্কটল্যান্ড, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, পানামা, জর্ডান, হাইতি, উজবেকিস্তান, তিউনিসিয়া ও ইরাক—প্রতিটি দল পেয়েছে ৯০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০ কোটি টাকা

এছাড়া বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিমূলক ব্যয় নির্বাহের জন্য অংশগ্রহণকারী সব দলকেই অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ ডলার করে অনুদান দিয়েছে ফিফা।