• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল-যশোর মহাসড়কে ১৩ স্বর্ণের বার জব্দ, পাচারের পথে গ্রেপ্তার একজন

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ২১:৪০ অপরাহ্ণ
বেনাপোল-যশোর মহাসড়কে ১৩ স্বর্ণের বার জব্দ, পাচারের পথে গ্রেপ্তার একজন
সংবাদটি শেয়ার করুন....

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার ভোর চারটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর অধীন বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার (৪৪)। তিনি যশোরের বেনাপোল থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা এবং ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি জানায়, সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় সাহাব উদ্দিনের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন বিজিবিকে জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। সেগুলো যশোর হয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। জব্দ করা মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ উদ্ধার করা আলামতের মোট মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের করে তাঁকে যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে দেশের অর্থনৈতিক ক্ষতিসাধনকারী চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।