• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নাগরিকত্বে নতুন শর্ত, বাংলাদেশিদের জন্য কড়াকড়ি বাড়াল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৬, ১৫:২৬ অপরাহ্ণ
ভারতীয় নাগরিকত্বে নতুন শর্ত, বাংলাদেশিদের জন্য কড়াকড়ি বাড়াল দিল্লি

প্রতীকী ছবি

সংবাদটি শেয়ার করুন....

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারত সরকার। এখন থেকে কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিক ভারতে নাগরিকত্বের আবেদন করলে তাকে নিজের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে। পাশাপাশি একটি ঘোষণাপত্রও দিতে হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে সংশোধন এনে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে সেটির তথ্য সরকারকে জানাতে হবে।

নতুন বিধানে বলা হয়েছে, আবেদনকারীর পাসপোর্ট নম্বর, কবে ইস্যু হয়েছে এবং মেয়াদ কতদিন—এসব তথ্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। এছাড়া লিখিত ঘোষণায় জানাতে হবে যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি তার কাছে থাকা বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

ভারত সরকার জানিয়েছে, এই নতুন অনুচ্ছেদটি ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালার ১সি তফসিলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই তফসিল মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের জন্য প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করে। সেই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়। এবার সেই প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতে ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধনী আনা হলো।

সুত্র: আনন্দবাজার