• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

বাসস
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ণ
মালদ্বীপে খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র
সংবাদটি শেয়ার করুন....

মালদ্বীপ সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু শনিবার সন্ধ্যায় এক সৌজন্য চা-চক্রের আয়োজন করেছেন।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে বর্তমানে দেশটি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যেই তাঁর এই সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে দেশটিতে অবস্থান করবেন তিনি। সফরকালে ৬১তম স্বাধীনতা দিবসের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতেও অংশ নেবেন।

শনিবার মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ড. খলিলুর রহমানকে স্বাগত জানান।

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মতে, এ সফর দুই দেশের মধ্যে গভীরতর সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণে নতুন ভিত্তি তৈরি করবে।

সফর চলাকালে প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপ অংশীদারত্ব আরও শক্তিশালী করার উপায়, বিদ্যমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন দুই দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বিদ্যমান। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী মালদ্বীপের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর। একজন জ্যেষ্ঠ কর্মকর্তার তথ্য অনুযায়ী, তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে মালদ্বীপে পৌঁছেছেন।