• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে জলাবদ্ধতা ও মিরপুর-১২ কাঁচাবাজার পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন; মিরপুর-১২ কাঁচাবাজারের অপরিচ্ছন্ন পরিবেশে অসন্তোষ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ২২:৩২ অপরাহ্ণ
মিরপুরে জলাবদ্ধতা ও মিরপুর-১২ কাঁচাবাজার পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সংবাদটি শেয়ার করুন....

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার সড়কের দুই পাশে প্রবল বৃষ্টিতে জমে থাকা পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর তিনি এলাকাগুলো পরিদর্শনে গিয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি নিজেই জমে থাকা পানির মধ্যে হেঁটে নালা ও ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রশাসক আশপাশের দোকানদারদের নালা-ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসনে টেকসই সমাধান সম্ভব নয়।

পরে প্রশাসক মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। বাজারে ফেলে রাখা ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে বাজারের দোকানদার, সংশ্লিষ্ট বাজার কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে পরিচ্ছন্নতা নিশ্চিত এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন প্রশাসক।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।