রংপুর বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ণ
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : পিএমও
সংবাদটি শেয়ার করুন....
তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তৃণমূল সংগঠনকে আরও কার্যকর ও সুসংগঠিত রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার নেতারা অংশগ্রহণ করেন।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু এবং সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ জুলাই দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গেও একই ধরনের মতবিনিময় সভা করেন তারেক রহমান।