শার্শায় এমপির পক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
বেনাপোল(যশোর) সংবাদদাতা
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
যশোরের শার্শা উপজেলায় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীরের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহাঙ্গীর আলম, শার্শা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইয়াহইয়া ও শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমাদ আলী। এ সময় স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ভলিবল, ব্যাডমিন্টন ব্যাট, হ্যান্ডবল, ফুটবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার পরিবেশ আরও উন্নত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।