বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর বাইরে আর কেউ বক্তব্য রাখবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তারেক রহমান এমন কোনো কর্মসূচির পক্ষে নন, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে পারে। সেই কারণেই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিত হতে নিষেধ করেছিলেন। বাংলাদেশেও তাঁর এই নির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, যদিও শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও তিনি স্বীকার করেন। তিনি আরও জানান, দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে চান, এরপর বাবার ও ভাইয়ের কবর জিয়ারতের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে তিনি এমন তারিখে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, যা টানা তিন দিনের সরকারি ছুটির মধ্যে পড়েছে। রাজধানীর কেন্দ্রস্থলে কোনো বড় আয়োজন না রেখে তিনশ ফুট মহাসড়কের সার্ভিস লেনের একপাশে সংক্ষিপ্ত আয়োজনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং দেশের কল্যাণ কামনা করা হবে। সেখানে শুধুমাত্র তারেক রহমানই বক্তব্য দেবেন বলে নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমেদ।