রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত আগামী ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। নারীদের জন্য পৃথক ওযু ও নামাজের সুব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি নগরবাসীকে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যথাসময়ের অনেক আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্ধারিত নির্দেশনা মেনে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধও জানান।
পরিদর্শন শেষে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রতিমন্ত্রী।