• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকারের হ্যাটট্রিকে তৃতীয় ইংল্যান্ড, এমবাপ্পের জোড়া গোলে ইতিহাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
সাকারের হ্যাটট্রিকে তৃতীয় ইংল্যান্ড, এমবাপ্পের জোড়া গোলে ইতিহাস
সংবাদটি শেয়ার করুন....

ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেকর্ডগড়া এক লড়াইয়ে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। রোমাঞ্চে ভরা ১০ গোলের এই ম্যাচে হ্যাটট্রিক করে ইংলিশদের জয়ের নায়ক হন বুকায়ো সাকা।

হারলেও ব্যক্তিগত কীর্তিতে উজ্জ্বল ছিলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে ছাড়িয়ে ২২ গোল নিয়ে শীর্ষে উঠে যান।

চলতি আসরে এমবাপ্পে ইতোমধ্যে ১০ গোল করেছেন। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে। ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। এমবাপ্পে এই টুর্নামেন্টে মেসির চেয়ে ৫৭ মিনিট বেশি খেলেছেন। তাই গোল্ডেন বুট জিততে ফাইনালে মেসিকে হ্যাটট্রিক অথবা অন্তত দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করতে হবে।

এবারের বিশ্বকাপে এমবাপ্পে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৪টি গোলে সরাসরি অবদান রেখেছেন। ১০ গোলের পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলে অবদান রাখার দিক থেকেও এটি নতুন রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে এক আসরে ১০ বা তার বেশি গোল করা চতুর্থ ফুটবলার হলেন এমবাপ্পে। এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপে ১০ গোল করেছিলেন পশ্চিম জার্মানির কিংবদন্তি গার্ড মুলার।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও ফ্রান্স মিলে মোট ১০ গোল করেছে, যা এই ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৫৮ সালে ফ্রান্স ও পশ্চিম জার্মানির ম্যাচে হয়েছিল ৯ গোল।

ইংল্যান্ডের ইতিহাসেও এটি একটি স্মরণীয় অর্জন। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম তারা তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করল। একই সঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের চতুর্থ ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন বুকায়ো সাকা। এর আগে এই তালিকায় ছিলেন জিওফ হার্স্ট, গ্যারি লিনেকার ও হ্যারি কেন।

অন্যদিকে ফ্রান্সের মাইকেল ওলিসে এবারের বিশ্বকাপে ৭টি অ্যাসিস্ট করে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন নজির গড়েছেন। তাঁর পাঁচটি অ্যাসিস্ট থেকেই গোল করেছেন এমবাপ্পে, যা একই বিশ্বকাপে সতীর্থকে সবচেয়ে বেশি গোল করানোর নতুন রেকর্ড।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যমও গড়েছেন অনন্য এক কীর্তি। তাঁর অধীনে ফ্রান্স বিশ্বকাপে ২৬তম ম্যাচ খেলেছে, যা কোনো কোচের অধীনে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার নতুন রেকর্ড।