• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৮ মাস পর হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম

প্রথম দিনেই এলো ৩ ট্রাক মরিচ; পর্যাপ্ত আমদানি হলে কেজি ১০০ টাকার নিচে নামার আশা ব্যবসায়ীদের

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
সাড়ে ৮ মাস পর হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, কমতে শুরু করেছে দাম
সংবাদটি শেয়ার করুন....

প্রায় সাড়ে আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে কাঁচা মরিচ বোঝাই তিনটি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম পুনরায় চালু হয়। এরই মধ্যে স্থানীয় পাইকারি বাজারে কাঁচা মরিচের দামে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা পূরণে নতুন করে আমদানি কার্যক্রম শুরু হলো।

আমদানির খবর ছড়িয়ে পড়ার পরই স্থানীয় বাজারে দামের পরিবর্তন দেখা গেছে। সকালে যেখানে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হচ্ছিল, বিকেলের মধ্যে তা কমে ২৫০ টাকায় নেমে আসে।

ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েক দিনে দেশের চাহিদা অনুযায়ী ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম আরও কমে আসবে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, নতুন করে আমদানি অনুমোদন (আইপি) দেওয়ার পর ৬৯ জন আমদানিকারককে মোট ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন প্রতাপ বলেন, কাঁচা মরিচ দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় ভারত থেকে আসা ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কোয়ারেন্টাইন ছাড়পত্র দেওয়া হচ্ছে, যাতে দ্রুত বাজারজাত করা যায়।

আমদানিকারকদের মতে, পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকলে খুব শিগগিরই দেশের খুচরা বাজারে এর দাম প্রতি কেজি ১০০ টাকার নিচে নেমে আসতে পারে।