সিলেট থেকে জাফলং পর্যন্ত বিস্তৃত হবে রেললাইন – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঢাকা থেকে সিলেট হয়ে জাফলং পর্যন্ত রেলপথ বিস্তৃত করতে চায় সরকার। সিলেটের জাফলং তামাবিল এবং সন্নিহিত এলাকায় একটি পর্যটন হাব গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে রেললাইনের এই বিস্তৃতি করতে চায় সরকার। রেলের পাশাপাশি থাকবে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ উপলক্ষ্যে জাফলং তামাবিল ও সন্নিহিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে মন্ত্রী এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের জন্য করণীয় বিভিন্ন দিক সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করেন। জাফলং পর্যটন স্পটে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, পর্যটকরা দূর-দূরান্ত থেকে এখানে আসে। সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ না থাকা, উন্নত সড়ক যোগাযোগ না থাকা এবং মানসম্মত আবাসন সুবিধা না থাকায় তাদের ভোগান্তির শিকার হতে হয়। পর্যটকদের এই ভোগান্তি লাঘবের জন্য সিলেট থেকে জাফলং পর্যন্ত ৪৭ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করা হবে। খুব শীঘ্রই এর সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত সাথে ছিলেন।