• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

তথ্য গোপনের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:২৩ অপরাহ্ণ
সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
সংবাদটি শেয়ার করুন....

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় ঋণ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

দাখিল করা অভিযোগে তথ্য গোপনের দায়ে জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অভিযোগে বলা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় গুরুত্বপূর্ণ একাধিক তথ্য গোপন করেছেন। তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল-কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার হলেও হলফনামায় এসব তথ্য উল্লেখ করেননি।

এ ছাড়া ইবনে সিনা হাসপাতালের নামে ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৮ টাকার অনাদায়ী ঋণ রয়েছে, যা হলফনামায় প্রকাশ করা হয়নি। আইন অনুযায়ী এসব তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক হলেও জামায়াত প্রার্থী তা গোপন রেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রেজাউল হাসান কয়েস লোদী অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াত প্রার্থী হাবিবুর রহমান হলফনামায় তথ্য গোপন করে প্রতারণা ও আইন লঙ্ঘন করেছেন। এ কারণে তার মনোনয়ন বাতিলের পাশাপাশি তথ্য গোপনের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এই অভিযোগ দাখিল করা হয়েছে।