সৌদিতে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী ও আহতদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে সরকার। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম উইং কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সৌদি আরবে বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছে সরকার। নিহত দুই প্রবাসীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়েও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইং সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন এবং আহত অনেকেই স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে আহত একজনের বাবার সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের সাবধানে চলাফেরা করতে হবে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে হয়রানির অভিযোগ জানাতে ইমেইল
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
বিমানবন্দরে হয়রানি-সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য minister.expat@gmail.com ঠিকানায় ইমেইল পাঠানোর অনুরোধ জানান তিনি।
শ্রমজীবী নারীদের জন্য হোস্টেল ও হাসপাতাল চালুর উদ্যোগ
নারায়ণগঞ্জের শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে শ্রমজীবী নারীদের আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন, সে লক্ষ্যে মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন করেছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ৭ নভেম্বর শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণোদ্যমে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালুর লক্ষ্যে কাজ চলছে।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।