• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পোকেনে ভয়াবহ দাবানল: শত শত বাড়ি-স্থাপনা পুড়ে ছাই, হাজারো মানুষের সরিয়ে নেওয়া

প্রবল বাতাস ও খরার মধ্যে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ দমকল; জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ২২:২৫ অপরাহ্ণ
স্পোকেনে ভয়াবহ দাবানল: শত শত বাড়ি-স্থাপনা পুড়ে ছাই, হাজারো মানুষের সরিয়ে নেওয়া
সংবাদটি শেয়ার করুন....

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর স্পোকেনে ভয়াবহ দাবানলে শত শত বাড়িঘর ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে হাজারো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন এক শতাংশও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত শনিবার স্পোকেন ও এর আশপাশে তিনটি পৃথক দাবানলের সূত্রপাত হয়। প্রবল বাতাস এবং চরম শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে। পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার রাত থেকেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অসংখ্য বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক স্থানে শুধু ইটের তৈরি চিমনি ও ভবনের ভিত্তি অবশিষ্ট রয়েছে।

নিজ বাড়ি থেকে বাগদত্তা ও দুটি পোষা কুকুরকে নিয়ে নিরাপদে সরে যাওয়া স্থানীয় বাসিন্দা জিওফ বিডলস বলেন, এলাকার বাড়িগুলোর অবস্থা ঘুরে দেখেছি। জীবনে দেখা সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যগুলোর একটি এটি।

স্পোকেনের মেয়র লিসা ব্রাউন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েক শত বাড়ি ও স্থাপনা আগুনে ধ্বংস হয়ে গেছে। প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যারা এই দুর্যোগে সবকিছু হারিয়েছেন বা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তাদের পাশে স্থানীয় প্রশাসন দীর্ঘমেয়াদে থাকবে।

রোববার আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও আগুন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বাতাসের গতি কিছুটা কমলেও দাবানল এখনো এক শতাংশও নিয়ন্ত্রণে আসেনি।

স্পোকেন কাউন্টির শেরিফ জন নাওয়েলস জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের ভয়াবহতার কারণে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি পরিবর্তিত হলে হতাহতের তথ্যও পরিবর্তিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এরই মধ্যে ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে টানা চতুর্থ বছরের মতো খরার কবলে রয়েছে অঙ্গরাজ্যটি, যা দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

গভর্নর জানান, দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ফেডারেল সহায়তা নিশ্চিত করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর দাবি, প্রেসিডেন্ট পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।