• ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাসস
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ণ
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে এক সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ছবি : পিএমও

সংবাদটি শেয়ার করুন....

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোলার সঙ্গে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সরাসরি সংযোগ স্থাপনে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি বলেন, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটি নির্বাচন করা হয়েছে। এই পথে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের প্রধান সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ করতে হবে। একই সঙ্গে তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে। এর ফলে যাতায়াতে সময় ও ব্যয়—দুটিই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরতা রয়েছে। নতুন সড়ক যোগাযোগ চালু হলে এই নির্ভরতা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সভায় সংশ্লিষ্টরা জানান, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের অন্যতম সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়। বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের ক্ষেত্রে এটি কার্যকর বিকল্প পথ হিসেবে গড়ে উঠতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...