• ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২১তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
২১তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

২১তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক সাধারণ সভা ও সম্মিলনী-২০২৬ আজ রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

২১তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রশাসনিক সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা হয়।

বক্তারা দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার মাধ্যমে সরকারের উন্নয়ন অভিযাত্রাকে আরও বেগবান করতে হবে।

অনুষ্ঠানে ২১তম বিসিএস ব্যাচের অংশগ্রহণকারীরা আগামী দিনগুলোতে আরও নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে প্রশাসনের অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সম্প্রীতি এবং পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মিলনী ও পুনর্মিলন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।