২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
সংবাদটি শেয়ার করুন....
সবকিছু অনুকূলে থাকলে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন কাটানোর পর কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখতে যাচ্ছেন, যা দেশের রাজনীতিতে স্বস্তির বার্তা বহন করছে। তিনি আরও বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে তারেক রহমান গণতান্ত্রিক আদর্শে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র উত্তরণের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন; আগামী ২৫ ডিসেম্বর তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই সংগ্রামের নতুন অধ্যায় শুরু হবে। মির্জা ফখরুল জানান, শুধু বিএনপি নয়, সকলের পক্ষ থেকেই তার আগমনকে স্বাগত জানানো হচ্ছে এবং তার দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্রের পথে যেসব বাধা তৈরি হয়েছিল, সেগুলো দূর হবে বলে দলটি বিশ্বাস করে। উল্লেখ্য, এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০০৭ সালে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তারেক রহমান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল ও অব্যাহতির প্রক্রিয়া সম্পন্ন হয়, যার পর থেকেই তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে; বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে প্রত্যাবর্তনের কথা বললেও এবার প্রথমবারের মতো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন দলের মহাসচিব।