• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরের

পুরোনো বিআইএন এরপর অকার্যকর; আমদানি-রপ্তানিসহ সব কাস্টমস কার্যক্রমে ব্যবহার করতে হবে নতুন নম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন হালনাগাদের নির্দেশ এনবিআরের
সংবাদটি শেয়ার করুন....

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের ফলে স্থানান্তরিত ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) আগামী ৩০ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্ধারিত সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে।

সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআর জানায়, করজাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যমান ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করে নতুন কমিশনারেট গঠন করা হয়েছে। প্রশাসনিক এই সংস্কারের মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের বিআইএন নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করা হয়েছে। এতে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের অন্যান্য বিআইএন-সংক্রান্ত তথ্য অপরিবর্তিত থাকবে।

আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন এড়াতে এনবিআর সাময়িকভাবে পুরোনো ও নতুন—উভয় বিআইএনই কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World) সিস্টেমে সক্রিয় রেখেছে।

ফলে পুরোনো বিআইএন ব্যবহার করে ইতোমধ্যে খোলা ঋণপত্র (এলসি), বিল অব এন্ট্রি, কাস্টমস ঘোষণা এবং অন্যান্য চলমান কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে।

তবে এনবিআর ব্যবসায়ীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো বিআইএন-সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহারে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, ৩০ নভেম্বরের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর আমদানি-রপ্তানিসহ কাস্টমসের সব ধরনের কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই পরিচালনা করতে হবে।