• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ২০:৩০ অপরাহ্ণ
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট বৃহস্পতিবার
সংবাদটি শেয়ার করুন....

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, নির্বাচন শুরুর পাঁচ মিনিট আগে ভোটগ্রহণের সরাসরি সম্প্রচার শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোটগ্রহণের বাকি প্রক্রিয়া রেকর্ড করা হবে। নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে।

চিফ হুইপ বলেন, ‘আগামীকাল ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ তৈরি হবে। গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।’

তিনি জানান, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে।

নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ।

একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় এবার রাষ্ট্রপতি নির্বাচন ভোটাভুটির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন ৯২ ভোট।

বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় ৪০ মিনিট পর বিকেল ৪টা ৪০ মিনিটে সভা শেষ হয়। সভায় রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও প্রত্যক্ষ করবে কীভাবে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।