• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ লাখ টাকার স্বর্ণসহ শার্শায় পাচারকারী গ্রেপ্তার

বেনাপোল, যশোর
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ণ
৯০ লাখ টাকার স্বর্ণসহ শার্শায় পাচারকারী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকা থেকে ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। স্বর্ণ, মোটরসাইকেল ও মুঠোফোনসহ জব্দ করা সামগ্রীর মোট মূল্য প্রায় ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুজন হোসেন (৩৪)। তিনি পুটখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রফিকুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন সুজন হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)–এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার থাকায় পুটখালী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সুজন হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

বিজিবি জানায়, অভিযানে স্বর্ণের বার ছাড়াও সুজন হোসেনের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা এবং মুঠোফোনটির মূল্য ১ হাজার টাকা।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা স্বর্ণ, মোটরসাইকেল ও মুঠোফোনসহ মোট সিজার মূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

উদ্ধার করা স্বর্ণের বার যশোর ট্রেজারি অফিসে এবং গ্রেপ্তার ব্যক্তি সুজন হোসেনকে জব্দ করা মোটরসাইকেল ও মুঠোফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ সব ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।