প্রত্যাবর্তন উপলক্ষে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ বিএনপির
অনলাইন ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং তাকে ঘিরে আয়োজিত অভ্যর্থনা কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুঃখ প্রকাশ করেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারেক রহমান দেশে পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেবেন। পথে তিনি স্বল্প সময়ের জন্য ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এ অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলেও জানান তিনি। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশে ফেরার পরদিন শুক্রবার বাদ জুমা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি, এরপর জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শনিবার জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন।