
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থরিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ল্যাতিন সংগীতশিল্পী মারিয়া দে লা রোজা নিহত হয়েছেন। গত ২২ নভেম্বর নর্থরিজের ব্রায়ান্ট স্ট্রিট এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িতে অবস্থানকালে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ২২ নভেম্বরের হামলায় গায়িকা রোজাসহ আরও দুইজন আহত হন। স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটের দিকে টাম্পা অ্যাভিনিউয়ের পূর্বদিকে ব্রায়ান্ট স্ট্রিট এলাকায় গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ব্রায়ান্ট স্ট্রিটে পার্ক করা গাড়িটির দিকে দুইজন পুরুষ সন্দেহজনকভাবে এগিয়ে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গায়িকা রোজা গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। আহত দুজনের অবস্থা এখনো সংকটজনক।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।