• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ
নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারসমূহের পুনর্বাসন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকল্পটির পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

কক্সবাজারের টেকনাফে নাফ নদী বরাবর সীমান্ত সড়ক-পোল্ডারসমূহের পুনর্বাসন কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে স্থানীয় জনগণ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। তিনি বলেছেন, সীমান্ত নিরাপত্তা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন এবং জনকল্যাণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ করা হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্প সংশোধন করা হলেও তা জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন এবং অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশ—সব দিক বিবেচনায় নিয়ে প্রকল্পটির বাস্তবায়ন জরুরি। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে নাফ নদীর পোল্ডারসমূহের পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় নাফ নদীর সীমান্ত সড়ক ও পোল্ডারসমূহের পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে তাদের মতামত ও সমস্যার কথা জানান।

সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এবং উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পানিসম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের বর্তমান অবস্থা, নদীভাঙন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...