হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অনলাইন ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ১৩:৩৫ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (বামে) ও চিকিৎসাধীন নুরুল হক নুর। ফাইল ছবি
সংবাদটি শেয়ার করুন....
রবিবার সকাল ১০টার দিকে টেলিফোনে নুরের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি জানান, সরকারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “রবিবার সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি টেলিফোনে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আশ্বস্ত করেছেন যে, নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আবু হানিফ আরও বলেন, “নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেছেন।”