অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ: বিবি গভর্নর
অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১৮:১১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। স্থানীয় উদ্যোক্তা ও পণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘এক গ্রাম, এক পণ্য’ ধারণা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শনিবার রংপুরে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে বেসরকারি খাতের উন্নয়নে ঘোষিত প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, সম্ভাবনাময় স্থানীয় উদ্যোক্তা ও পণ্যকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ‘এক গ্রাম, এক পণ্য’ ধারণা বাস্তবায়ন প্রয়োজন। এ জন্য ব্যাংক, উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বেসরকারি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বাড়ানো এবং স্থানীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয় এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন। রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ব্যাংকার, সুশীল সমাজের প্রতিনিধি, উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, অন্যান্য অংশীজন ও সাংবাদিকরা এতে অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা বেসরকারি খাতের উন্নয়ন, উদ্যোক্তাদের অর্থায়ন, স্থানীয় উৎপাদন ও বাণিজ্যের প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন পরামর্শও দেন তাঁরা।
আলোচনায় ‘এক গ্রাম, এক পণ্য’ ধারণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্ভাবনাময় স্থানীয় পণ্য ও উদ্যোক্তা চিহ্নিত করা, উৎপাদন বাড়ানো, বাজার সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার বিষয়গুলো এতে গুরুত্ব পায়।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে—এমন স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।
বিবি গভর্নর বেসরকারি খাতের উন্নয়নে ঘোষিত প্রণোদনা প্যাকেজ কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি ‘এক গ্রাম, এক পণ্য’ ধারণা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
গ্রাহক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য ১৬২৩৬ হটলাইন নম্বর ব্যবহারের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রণোদনা প্যাকেজের সুবিধা যেন প্রকৃত ও যোগ্য উদ্যোক্তারা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, অর্থায়নের সুযোগ সহজ করা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন গভর্নর।
মতবিনিময় সভায় রংপুর অঞ্চলে হিমাগার স্থাপন, নবায়নযোগ্য শক্তির উন্নয়ন, রপ্তানিমুখী কৃষি ও শিল্পপণ্যের প্রসার এবং মানবসম্পদ উন্নয়নের মতো উদ্যোগ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।