• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রজ্ঞাপন অনুযায়ী সভাপতি হওয়ার কথা মজিবর রহমান সরওয়ারের

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি নিয়ে প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
প্রজ্ঞাপন অনুযায়ী সভাপতি হওয়ার কথা মজিবর রহমান সরওয়ারের
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি এম জহির উদ্দিন স্বপনকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারি হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। উপ-সচিব মো. আবু রায়হান মির্জা স্বাক্ষরিত যার প্রজ্ঞাপনের স্মারক নম্বর ৪৫.১৫৫.১১৪.০০.০০.০০১.২০১৫.১৫৭।

প্রজ্ঞাপন অনুযায়ী, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্য। পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেডিকেল কলেজ বা হাসপাতাল ক্যাম্পাসের অধ্যক্ষসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

তবে এই নির্দেশনার সঙ্গে ভিন্ন চিত্র দেখা গেছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে। সম্প্রতি পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি এম জহির উদ্দিন স্বপনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, এম জহির উদ্দিন স্বপন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল সদর তথা বরিশাল-৫ নির্বাচনী এলাকার মধ্যে অবস্থিত। ওই আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ, মেয়র ও জেলা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, যিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য।

এ অবস্থায় সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার কথা বরিশাল সদর তথা বরিশাল-৫ আসনের সংসদ সদস্যের। কিন্তু বাস্তবে ভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে এ দায়িত্ব দেওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

বরিশাল সদরের সাধারণ বাসিন্দাদের প্রশ্ন, দেশের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সংসদ সদস্যকে সভাপতি করা হচ্ছে, সেখানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষেত্রে কেন ব্যতিক্রম করা হলো।

এটি কোনো পৃথক আদেশ বা মন্ত্রণালয়ের বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়েছে কি না, নাকি সাধারণ প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসরণ না করেই কমিটি গঠন করা হয়েছে—এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি পরিষ্কার করতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার সুনির্দিষ্ট বক্তব্য প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...