বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের মাধ্যমে জানানো হবে।