পঞ্চগড়ে শীতের দাপট দিন দিন আরও বাড়ছে। শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আগেভাগেই নেমে আসে শীতের আমেজ। মৌসুমের এই তাপমাত্রা শৈত্যপ্রবাহের আগাম বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সকালে হালকা কুয়াশায় ঢেকে যায় অধিকাংশ এলাকা, তবে কুয়াশা সরে সকালেই সূর্যের দেখা মেলে।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, ফলে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দিনমজুর, বয়স্ক মানুষ এবং শিশুরা। সকাল ও রাতে নিত্যদিনের কাজ করতে গিয়ে তাদের শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
জেলা সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আবহাওয়া অফিস জানায়, হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে আরও কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।
রাত ও ভোরে কুয়াশার ঘনত্ব বাড়বে এবং শীতের অনুভূতিও আরও বাড়তে পারে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, শনিবার ভোর ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা কয়েক ঘণ্টার ব্যবধানে নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রিতে।