• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি

বিনোদন ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১৪:৫৯ অপরাহ্ণ
তৌহিদ আফ্রিদিকে ৭ দিনের রিমান্ডে চায় সিআইডি
সংবাদটি শেয়ার করুন....

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করেন। আজ দুপুরে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

গ্রেপ্তারের পর পুলিশকে তৌহিদ আফ্রিদি বলেন, “আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ৬ মাসের প্রেগনেন্ট।”

গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয়, এটি কি ভাড়া বাসা? জবাবে তৌহিদ আফ্রিদি জানান, “এটি আমার দাদার বাড়ি। আমার বাবা গ্রেপ্তার হওয়ার পর দাদার কবর জিয়ারত করতে বরিশাল এসেছি।”

তিনি আরও বলেন, “আমি পালাবো না, কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে।”