আইইবি নির্বাচনে দেশজুড়ে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ১৮:৪১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে সদর দপ্তর, ঢাকা কেন্দ্রসহ দেশের বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রে নিরঙ্কুশ বিজয় পেয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল। প্রথমবারের মতো নিজস্ব প্যানেলে এককভাবে অংশ নিয়ে এই সাফল্যকে সংগঠনের ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছে এ্যাব।
গত ১২ নভেম্বর অনুষ্ঠিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে দেশব্যাপী নির্বাচনে অংশ নেওয়া প্রকৌশলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ।
১৫ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আইইবির নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব প্যানেলে এককভাবে অংশগ্রহণ করে দেশব্যাপী এই সাফল্য অর্জন এ্যাবের সাংগঠনিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। সদর দপ্তর, ঢাকা কেন্দ্রসহ ঢাকার বাইরের বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রে এ্যাব সমর্থিত প্রার্থীদের বিজয় প্রকৌশলী সমাজের ঐক্য, আস্থা এবং পরিবর্তনের প্রত্যাশার প্রতিফলন বলে মনে করে সংগঠনটি।
এবারের নির্বাচনী সাফল্যের পেছনে এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্ব এবং সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সাংগঠনিক সমন্বয় ও নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সংগঠনটির মতে, তাঁদের নেতৃত্বে প্রণীত পাঁচ দফা নির্বাচনী রূপরেখা ও ইশতেহারে প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা, কল্যাণ, বৈষম্য নিরসন এবং আধুনিক, শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আইইবি প্রতিষ্ঠার অঙ্গীকার প্রকৌশলী সমাজে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য সুসংহত করা, যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন এবং পরিকল্পিত নির্বাচনী কার্যক্রম পরিচালনাকে এই সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেছে এ্যাব।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনটির মতে, ২০১৫ সাল থেকে তৎকালীন ফ্যাসিবাদী শাসনামলে আইইবিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ছিল না। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হওয়ায় প্রকৌশলী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।
এবারের নির্বাচনে দেশের ১৮টি কেন্দ্র ও প্রায় ৩০টি উপকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪৪ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিগত নির্বাচনগুলোর তুলনায় ভোটারদের ব্যাপক উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। বিশেষ করে ঢাকা কেন্দ্রে বিপুলসংখ্যক প্রকৌশলী ভোটারের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।
তবে ঢাকা কেন্দ্রে দীর্ঘ সারি ও অতিরিক্ত ভিড়ের কারণে কিছু ভোটার সাময়িক অসুবিধার সম্মুখীন হন। এ জন্য ভোটারদের ধৈর্য ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এ্যাব। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটি, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
এ্যাবের বক্তব্য অনুযায়ী, এই বিজয় কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং সমগ্র প্রকৌশলী সমাজের। নবনির্বাচিত আইইবি নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা, দলীয় পরিচয়, রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতা, বৈষম্যহীনতা ও পেশাদারত্বের ভিত্তিতে সব প্রকৌশলীর কল্যাণে কাজ করবেন তাঁরা।
সংগঠনটি মনে করে, আইইবি হবে সব প্রকৌশলীর অভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান। সেখানে মেধা, যোগ্যতা, পেশাগত অধিকার ও সদস্যদের কল্যাণকে সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।
প্রকৌশল পেশার আইনি স্বীকৃতি, পেশাগত মানদণ্ড, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ‘ইঞ্জিনিয়ার্স প্র্যাকটিসিং অ্যাক্ট’ প্রণয়ন এবং জাতীয় সংসদে পাস করানোকে এ্যাবের অন্যতম প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নীতিনির্ধারক, আইনপ্রণেতা ও প্রকৌশলী সমাজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে। নবনির্বাচিত আইইবি নেতৃত্বকে সঙ্গে নিয়ে আইনটি পাস করাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথাও জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া প্রকৌশলীদের পেশাগত বৈষম্য দূর করা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা, তরুণ ও বেসরকারি প্রকৌশলীদের কল্যাণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছে এ্যাব।
আইইবি সদর দপ্তরের আধুনিকায়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক মিলনায়তন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও ভোটারবান্ধব নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভাজনের সুযোগ নেই। বিজয়কে অর্জন এবং ঐক্যকে শক্তি হিসেবে উল্লেখ করে আইইবিকে সব প্রকৌশলীর কল্যাণে পরিচালিত করার আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সম্মান এবং দেশব্যাপী প্রকৌশলী ভোটার, সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এ্যাব।