• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রস ছাড়াই চিনি-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
রস ছাড়াই চিনি-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়
সংবাদটি শেয়ার করুন....

রস ছাড়া চিনি, আটা, কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত রঙ মিশিয়ে গুড় তৈরির অভিযোগে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় র‍্যাব অভিযান পরিচালনা করেছে। বুধবার সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৫ এর সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনি জব্দ করেন। সরেজমিনে ওই গ্রামে তিনটি কারখানা পাওয়া যায়—যেখানে গুড় তৈরি হলেও আখ বা খেজুরের রসের কোনো ব্যবহার নেই। চিনি ও কেমিক্যাল গলিয়ে কাপড়ে দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন-চিনি ইত্যাদি মিশিয়ে ভেজাল গুড় প্রস্তুত করা হতো। পরে এসব গুড় স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে কারখানা মালিক নানটু মিয়া পালিয়ে যান। তার স্ত্রী মোসা. লাকি স্বীকার করেন যে এসব গুড় তৈরিতে কোনো রস ব্যবহার করা হয় না, বরং শুধু চিনি, রঙ, আটা ও কেমিক্যাল মেশানো হয়। র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার করা গুড়ে আখ বা খেজুরের রস নেই; এগুলো সম্পূর্ণ চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। প্রায় এক টন ভেজাল গুড় পাওয়া গেছে, যা ধ্বংস করা হবে। অভিযানে রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন এবং কারখানার মালিক লাকি ও সান্টুকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি জানান, পর্যায়ক্রমে আরও কারখানায় ব্যবস্থা নেওয়া হবে ও ভেজাল পণ্য ধ্বংস করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাসায়নিক দ্রব্য যে কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এতে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে এসব ঝুঁকি আরও বেশি।