• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিবেদক,খুলনা
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ১৪:৫৪ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ থেকে ৪০ জনকে। মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

শেখ হাসিনা বাদে মামলার অন্যান্য আসামিরা হলেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল ও এসএম কামাল হোসেন এবং অ্যাডভোকেট পারভেজ আলম খান।

পুলিশ বলেন, মামলার প্রধান আসামি এমএম মুজিবুর রহমান পলাতক রয়েছেন। তাকে এবং এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় আওয়ামী লীগ নেতা এমএম মুজিবুর রহমানকে। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়। কেএমপি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহের মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। গত ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি।