• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০০:২৭ পূর্বাহ্ণ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
সংবাদটি শেয়ার করুন....

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়সম্বলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে।

আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অর্থের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১৮৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে আটটি নতুন, তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। সভা শেষে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি এসব তথ্য জানান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং ‘পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প রয়েছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উন্নয়ন ও সম্প্রসারণ, পানি সম্পদ মন্ত্রণালয়ের ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকা নদীভাঙন থেকে রক্ষার প্রকল্প অনুমোদন পেয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার বিভাগের রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও রয়েছে অনুমোদিত তালিকায়। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের তৃতীয় সংশোধিত প্রকল্প, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এ তালিকায় শিক্ষা, বিদ্যুৎ, পানি সরবরাহ, স্যানিটেশন, নদীভাঙন প্রতিরোধ, সড়ক ও ড্রেনেজ অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।