• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি, এমইউজের কর্মসূচিতে বিএনপির একাত্মতার ঘোষণা

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মহানগর বিএনপি। একই সঙ্গে সাংবাদিকদের চলমান আন্দোলন ও কর্মসূচির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন দলের নেতারা।

মোঃ সাইদুজ্জামান
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬, ২০:৪৯ অপরাহ্ণ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি, এমইউজের কর্মসূচিতে বিএনপির একাত্মতার ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দের সঙ্গে মহানগর বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় নগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এ দাবিতে সাংবাদিকদের যেকোনো কর্মসূচির সঙ্গে বিএনপি একাত্ম থাকবে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খুলনায় অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। এ পরিস্থিতিতে সচেতন সাংবাদিকসহ নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি দুর্বৃত্তায়নের চেষ্টা করে, তাহলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এ বিষয়ে এমইউজে নেতৃবৃন্দকেও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নুর, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলীসহ অন্যরা।

সভায় সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলা এবং এ ঘটনায় এমইউজের চলমান আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিএনপি নেতাদের অবহিত করা হয়। এ সময় বিএনপি নেতারা সাংবাদিকদের আরও কঠোর কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন এবং সেসব কর্মসূচিতে উপস্থিত থেকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এর আগে বিকেলে এমইউজে খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।