ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশিত মে ২২, ২০২৬, ২২:৩৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
এক পর্যায়ে পেছন দিক থেকে কয়েকজন যুবক হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির স্থানীয় কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে।
ঘটনার পরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এনসিপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে দলটির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।